খুলনা ব্যুরো
কাঁচাপাট রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রপ্তানি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় জুট প্রেস ও বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন বন্ধ করে মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়কের সব যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
সমাবেশে বক্তৃতা করেন জুট প্রেস ও বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু এবং বিএনপির দৌলতপুর থানার সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কাঁচাপাট রপ্তানি বন্ধের চেষ্টা দেশী শ্রমিক ও কৃষককে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে কাঁচাপাট রপ্তানি কার্যক্রম দেশের লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। রপ্তানি বন্ধ হলে প্রায় ২ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। সরকারি পাটকলগুলো নিয়মমাফিক বেতন ও বোনাস প্রদান করলেও, বেসরকারি পাটকল মালিকেরা শ্রমিকদের সীমিত সুবিধা দিয়ে থাকেন।
শ্রমিক নেতৃবৃন্দ আরও বলেন, কাঁচাপাট রপ্তানি বন্ধ হলে পাটের দাম ব্যাপকভাবে কমে যাবে, যা কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ক্ষতি হবে। তাই পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করতে হবে এবং কাঁচাপাট রপ্তানিতে ১৯ ধারার শর্ত অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলে হুশিয়ারি দিয়েছেন।








