শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

ব্যুরো চীফ, খুলনা 

খুলনায় খাদ্য বিভাগের ওএমএস (ওপেন মার্কেট সেল) পয়েন্টে চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি (মুরাদ আলীর ছেলে) এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক (মো. আজমলের ছেলে)। দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মধ্যে একজন খুলনা যুবলীগের নেতা এবং ওএমএসের সাবেক ডিলার ও এক সাংবাদিকের ভাগ্নে। অভিযোগ রয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে নগরীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করতেন এবং হুমকি-ধামকি দিয়ে অর্থ আদায় করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে আশিক ও আব্দুল্লাহ খালিশপুরের খান ট্রেডার্স নামে ওএমএস ডিলার আবুল কালাম আজাদের প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশে খবর দেন। পরে খালিশপুর থানা পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। ঘটনাস্থলে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

ওএমএস ডিলার আবুল কালাম আজাদ বলেন, “আমরা ১৫ জন নতুন ডিলার নিয়োগ পাওয়ার পর থেকেই তারা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। গত সপ্তাহেও এক হাজার টাকা নিয়েছে। তাদের দাবি ছিল, প্রতি সপ্তাহে পাঁচ হাজার টাকা দিতে হবে, না দিলে হুমকি দিতো। আজও টাকা চাইতে এসেছিল, তখন গ্রাহকরা তাদের ধরে পুলিশে দেয়।”

খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক শাকিব আহমেদ বলেন, “চাঁদা দাবি করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে খাদ্য বিভাগের ডিলারদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে জানা গেছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সাবেক সদস্য সচিব জহিরুল তানভীর বলেন, “আটক দুইজন নানা অভিযোগে আগেই সংগঠন থেকে বহিষ্কৃত ছিল। বর্তমানে খুলনা মহানগর কমিটি বিলুপ্ত। তাদের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

অন্যদিকে, আটক আশিকুর রহমান আশিক দাবি করেছেন, “আমরা আজ সেখানে গিয়েছিলাম, কিন্তু চাঁদা দাবি করিনি।”

খালিশপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন মিলন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে দুই যুবক ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে দেয়।”

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, “চাঁদাবাজি ও হুমকির ঘটনায় ডিলার আবুল কালাম আজাদ বাদী হয়ে দুইজনের নামে মামলা করেছেন। তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ