ব্যুরো চীফ, খুলনা:
খুলনার জেলখানা ঘাটে ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৬ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহষ্পতিবার (২১ আগষ্ট) রাত সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে খুলনা সদর নৌপুলিশ ও নৌবাহিনীর একটি টিম অভিযান চালাচ্ছে। এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে নৌবাহিনী ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার (২১ আগষ্ট) রাতে বৃষ্টির মধ্যেই একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের উদ্দেশ্যে যাত্রা করছিল। এ সময় সেনের বাজার ঘাট থেকে আসা ফেরির সঙ্গে নদীর মধ্যবর্তী স্থানে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনায় ট্রলার থেকে ১০ জন যাত্রী পানিতে পড়ে যান। তাদের মধ্যে ৪ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বক্কার জামান জানান, ডুবুরী দল, নৌবাহিনী ও নৌপুলিশ নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য কাজ করছে।








