ব্যুরো চীফ, খুলনা:
খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি ট্রাক জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
অপর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও তিনি জানান।








