ব্যুরো চিফ, খুলনা
খুলনায় নিখোঁজের তিন দিন পর মো. আলামিন ওরফে সবুজ (৩৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই যুবক রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে। তবে তার মৃত্যু রহস্যজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর ট্যাংক রোডের ৬৬/এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও না পেয়ে ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।








