নিজস্ব প্রতিবেদক:
খুলনার দিঘলিয়া উপজেলায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আজিজুল শেখ (৫২)। তিনি সেনহাটি ইউনিয়নের হাজী গ্রামের বাসিন্দা এবং শের আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নিজ এলাকা হাজী গ্রাম ৩ নম্বর ওয়ার্ড থেকে আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বছরের ২ নভেম্বর পার্শ্ববর্তী গ্রামের এক তরুণীর সঙ্গে আজিজুল শেখের ছেলে রাজীব শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধুর প্রতি অশোভন আচরণ শুরু করেন আজিজুল। অভিযোগে বলা হয়, তিনি প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ধর্ষণের চেষ্টা চালান।
তথ্য মতে, তিন মাস আগে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পুত্রবধুকে অচেতন করে ধর্ষণ করেন তিনি। এরপর থেকে একাধিকবার জোরপূর্বক সম্পর্ক স্থাপন করেন আজিজুল শেখ। ভয়ে ও সামাজিক কারণে ওই তরুণী বিষয়টি গোপন রাখেন।
ধর্ষণের বিষয়টি স্বামী রাজীব শেখকে জানালেও তিনি স্ত্রীর কথা বিশ্বাস না করে উল্টো তাকে তিরস্কার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী।
সর্বশেষ গত শুক্রবার জুমার নামাজের সময় স্বামী বাড়িতে না থাকার সুযোগে আজিজুল শেখ আবারও কুপ্রস্তাব দেন এবং প্রত্যাখ্যাত হয়ে পুত্রবধুকে মারধর করেন।
ঘটনার পর তরুণী বিষয়টি তার নানী ও মামাকে জানালে তারা তাকে বাবার বাড়িতে নিয়ে যান। পরে মঙ্গলবার দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আজিজুল শেখকে গ্রেপ্তার করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজিজুল শেখের বিরুদ্ধে আগে থেকেও অনৈতিক কার্যকলাপের অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”








