ব্যুরো চীফ, খুলনা
খুলনায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে একই পরিবারের নানী ও দুই নাতি-নাতনীসহ ৪ জন নিহত হয়েছে। রবিবার রাতে হত্যাকাণ্ডে শিকার একই পরিবারের ৩ জন নগরীর লবণচরা থানা এলাকায় এবং অপর একজন সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর লবণচরা থানার ৩১ নম্বর ওয়ার্ডের দরবেশ গলিতে বাসায় ঢুকে নানী ও দুই নাতি-নাতনীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের শিকার নানীর নাম মাহিদুল বেগম এবং দুই নাতি-নাতনির নাম মুস্তাকিন ও তৈয়েবা। রবিবার দিনের কোনো এক সময় তারা নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহত দুই শিশুর মা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। হত্যাকাণ্ডের সময় তারা বাসায় ছিলেন না।
এদিকে, নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিজ বাসায় নিহত হয়েছে আলাউদ্দিন নামে এক যুবক। রবিবার রাত পৌনে আটটার দিকে ৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রথমে গুলি এবং পরে ছুরিকাঘাতে তাকে হত্যা করে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, গুলি ও ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় আলাউদ্দিন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, নিহত যুবক মাদক কারবারির সাথে জড়িত ছিল। টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।








