সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় ফ্রিল্যান্সারদের কোচিং বন্ধে মানববন্ধন

ব্যুরো চীফ, খুলনা:

খুলনায় ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান কেন্দ্র বা কোচিং সেন্টার দিনের বেলায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধের প্রতিবাদে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে নগরীর শিববাড়ি মোড়ে “এটি কোচিং নয়—বেকারদের আত্মকর্মসংস্থান” শ্লোগানে বাংলাদেশ ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুলনার আহ্বায়ক কে.এম. জলিলের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির সভাপতি কে.এম. হুমায়ুন কবির, মহিলা নেত্রী মুন্নী জামান, মঈনুল ইসলাম কিরণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, খুলনার কয়েক হাজার শিক্ষিত বেকার দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে বিভিন্ন পাড়া-মহল্লায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠদান কেন্দ্র বা কোচিং সেন্টার এবং প্রাইভেট ব্যাচ পরিচালনা করে আসছেন। এটি যেমন হাজারো তরুণের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, তেমনি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কিন্তু সম্প্রতি খুলনার জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, ‘কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা–২০১২’-এর কোথাও ফ্রিল্যান্সারদের পাঠদান কেন্দ্র বন্ধের কোনো নির্দেশনা নেই। বরং আদালতের সর্বশেষ রায়ও ফ্রিল্যান্সারদের পক্ষেই গেছে। তারপরও কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেয়ায় চরম সংকটের সৃষ্টি হয়েছে।

তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্রিল্যান্সারদের পাঠদান কেন্দ্র ও কোচিং সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ