ব্যুরো চীফ, খুলনা:
খুলনা মহানগরে স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ। তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সত্যের রূপ একটাই। শিল্প-সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধই জীবনে মানবতার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়। তাই শিক্ষার্থীদের সর্বদা সত্যের পথে থেকে জীবনকে এগিয়ে নিতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এভাবেই তরুণ প্রজন্ম দেশ, জাতি ও মানুষের জন্য সত্যিকারের দেশপ্রেমিক ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে।
গ্রামীণফোন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ম্যানেজমেন্ট কনসালটেন্ট ও ট্রাস্টি খালিদ হাসান, এভারেস্ট বিজয়ী এম. এ. মুহিত, খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ঝন্টু নিয়োগী, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান, জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য শামীম আল মামুন এবং গ্রামীণফোন লিমিটেডের রিজিওনাল হেড বুশরা মেহেরিন।
অনুষ্ঠানে জানানো হয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মনন ও রুচি উন্নয়নের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া প্রতিযোগিতায় ২০২৪ শিক্ষাবর্ষে খুলনা মহানগরীর ৫৭টি স্কুল থেকে মোট ৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে ৩২টি স্কুলের ২ হাজার ২৬০ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে, যার মধ্যে ১ হাজার ২২২ জন ছাত্রী এবং ১ হাজার ৩৮ জন ছাত্র। এছাড়া ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে শিক্ষক ও সংগঠকরা পুরস্কার গ্রহণ করেন।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত শিক্ষার্থীদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ২১০০ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ১১০৮ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৬১৫ জন এবং সেরা পাঠক হিসেবে পুরস্কৃত হয়েছে ৮৬ জন শিক্ষার্থী।








