সুনীল দাস, ব্যুরো চীফ, খুলনা:
খুলনার রূপসায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ছুরি, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং হত্যা মামলার প্রধান আসামিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারদের মধ্যে কিশোর গ্যাং ‘বি-কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসীও রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টায় রূপসা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যৌথ বাহিনীর একটি দল রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মধ্যপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি ও ‘বি-কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসী শেখ হাফিজসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন—তানজিল হাসান জ্যোতি, মো. মাসুদ শেখ ও দীপু শেখ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাররা খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি, মাদক পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানান ওসি মাহফুজুর রহমান।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।








