,

খুলনায় শিপইয়ার্ড সড়ক উন্নয়ন কাজে অনিয়মের প্রতিবাদে সমাবেশ

ব্যুরো চীফ, খুলনা:

খুলনা নগরীর শিপইয়ার্ড সড়কের উন্নয়ন কাজ মাঝপথে বন্ধের প্রতিবাদ, দ্রুত কাজ সম্পন্ন এবং প্রকল্পের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে নগরীর দাদাম্যাচ কোম্পানির সামনে সড়কের মাঝে এ কর্মসূচি পালিত হয়।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। খুলনা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট এ.এফ.এম. মহসীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান বাবু, মোসলেহ উদ্দিনসহ নাগরিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খুলনা নগরীর প্রবেশদ্বার শিপইয়ার্ড রোডকে চার লেনে উন্নীত করার প্রকল্পের মেয়াদ চার দফা বাড়ানো হলেও এখনও ১০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। অথচ প্রকল্পের ব্যয় প্রথমে ৮৯ কোটি টাকা থেকে কয়েক দফায় বাড়িয়ে ২৫৯ কোটি টাকা করা হয়েছে। এতে ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নাগরিক নেতারা আরও বলেন, চার লেন সড়কের দৃশ্যমান কোনো কাজ হয়নি, বরং ইতিমধ্যেই কাজ বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না করেও শতকোটি টাকার বিল নিয়ে উধাও হয়ে গেছে, অথচ দায়িত্বপ্রাপ্ত সংস্থা কেডিএ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সমাবেশে বক্তারা দ্রুত সড়কের কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব এবং সরকারি অর্থ অপচয় ও লুটপাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ