ব্যুরো চীফ, খুলনা:
খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে নদীর বটিয়াঘাটার দশগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুর সোয়া দু’টার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর সানজিদা নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানা পুলিশকে অবগত করা হয়। থানা পুলিশ বিষয়টি নৌপুলিশকে জানান এবং তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাজিবাছা নদীর দশগেট সংলগ্ন তেতুলতলা এলাকায় ভাসমান বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা বিষয়টি নৌ–পুলিশকে জানাই। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, তাই এটি তাদের দেখার বিষয়।”
নৌ–পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “সংবাদ পেয়ে দুপুর সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ফুলে গেছে। পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।”








