,

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে খুলনায় নিরাপত্তা বিষয়ক সভা

খুলনা প্রতিনিধি:

আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। শোভাযাত্রা চলাকালে যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে।

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বা পোটলা নিয়ে মন্দিরে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হবে। প্রতিটি পূজা মন্দিরে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখা হবে। এছাড়া আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকা, এবং জন্মাষ্টমী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার বা উস্কানিমূলক পোস্ট/ছবি প্রকাশ না করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

মতবিনিময় সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ