ব্যুরো চিফ, খুলনা:
খুলনা প্রেস ক্লাব আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সকল রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও এই ঐক্য ভাঙবে না।
শনিবার সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক নবাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন না করে নির্বাচন দিলে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি হবে। আমরা বলছি না নির্বাচন হবে না; বরং নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতে হতে হবে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জুলাই সনদের কাজ শেষ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা করেছেন, যা উদ্বেগের কারণ।”
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “দিল্লি ও পতিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র রুখতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি তা হবে বেইনসাফি। ভারত সরকার এখনো একটি পুতুল সরকার বসানোর ষড়যন্ত্র করছে।”
সভায় বিএনপি-জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।









