,

টাইফয়েড টিকাদান বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে : ফায়জুল হক

ব্যুরো চীফ, খুলনা

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ আজ (শুক্রবার) প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। তিনি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। গুজব প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রচার-প্রচারণা বাড়াতে হবে। টাইফয়েড টিকাদান বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে গণযোগাযোগ অধিদপ্তরসহ সব দপ্তর একসাথে কাজ করলে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

তিনি আরও বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকা নিরাপদ—ভয়ের কোনো কারণ নেই। নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকা নিতে টিকাদান কেন্দ্রে আনতে সবাইকে উদ্যোগী হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, ইউএনবির প্রতিনিধি শেখ দিদারুল আলম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এস এম কবীর, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান এবং সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

স্বাগত বক্তৃতা দেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক মো. ইব্রাহিম-আল-মামুন।
পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টাইফয়েড টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মো. আরিফুল ইসলাম।

ওয়ার্কশপে জানানো হয়—
👉 ক্যাম্পেইনের আওতায় খুলনা সিটি করপোরেশনসহ ১০ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার ৫৭৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
👉 খুলনা বিভাগে এ পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
👉 খুলনা জেলার নয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪ লাখ ৩১ হাজার ১০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে।

📌 খুলনা বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় —

  • প্রথম দুই সপ্তাহ (১২–৩০ অক্টোবর): শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে
  • পরবর্তী দুই সপ্তাহ (১–১৩ নভেম্বর): কমিউনিটি ও স্থায়ী কেন্দ্রে

ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের (১৭ ডিজিট) তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে 👉 www.vaxepi.gov.bd ওয়েবসাইটে।

ওয়ার্কশপে খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ