ব্যুরো চীফ, খুলনা:
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও এনসিপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির নেতাকর্মীদের নামে কুৎসা রটিয়ে ভোটের রাজনীতিতে সুবিধা লাভ করাই তাদের উদ্দেশ্য। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে জামায়াত-এনসিপির এসব অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। জনগণের মধ্যে বিএনপির জনপ্রিয়তা ও সমর্থন দেখে তারা ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়িয়ে নেতাকর্মীদের মনোবল ভাঙতে চাইছে।
শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা বলেন, খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রের অংশ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—
“আমাদের প্রত্যেক নেতাকর্মীকে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্য অবশ্যই উদঘাটিত হবে।”
তিনি বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর পেছনের কুচক্রীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে একটি উদযাপন কমিটি গঠন করা হয়। এতে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনাকে উপদেষ্টা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক এবং প্রতিটি থানা বিএনপির সভাপতি-সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধানদের সদস্য করা হয়।
সভা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। একইসাথে ৩০ আগস্টের মধ্যে পদবিন্যাস সম্পন্ন করে ওয়ার্ড ও থানার পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চলমান সদস্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্তও গৃহীত হয়।








