ব্যুরো চিফ, খুলনা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানব রচিত আইন নয়, দুর্নীতি, চুরি, ধর্ষণ, খুন বন্ধে প্রয়োজন আল-কুরআনের শাসন। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিকে বিজয়ী করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে “তরুণ প্রজন্মের প্রথম ভোট, দাড়িপাল্লার পক্ষে হোক” এ স্লোগান নিয়ে সামনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে তরুণ ভোটারদের লড়াই হবে। সুতরাং যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, সেই তরুণ প্রজন্মই আগামীতেও দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব বেছে নেবে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা চত্বরে পৃথক দু’টি ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান, শিক্ষার আমূল সংস্কার এবং কারিগরি দক্ষতাভিত্তিক সমাজ গড়ে একটি সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠন করবে। ডুমুরিয়া-ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ ‘বিল ডাকাতিয়া’কে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, “ডুমুরিয়াকে ব্যবসায়িক হাবে রূপান্তর করা হবে। শিক্ষা শেষে চাকরি নিশ্চিত করা হবে, না হলে বেকার ভাতা দেওয়া হবে।”
তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোন নেতা সরকারি গাড়ি, বাড়ি, প্লট নেবেন না। সৎ সাহস থাকলে অন্য দলের নেতারাও এমন ঘোষণা দিক। সেই সাহস তাদের নেই। তাই জামায়াতই একমাত্র মানবিক বাংলাদেশ গড়তে পারবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, “শিক্ষার্থীরা পাশ করার সঙ্গে সঙ্গে চাকরির সুযোগ পাবে। যাদের চাকরি দেওয়া যাবে না তাদের বেকার ভাতা দেওয়া হবে।”








