বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতায় কেএমপির উদ্যোগ

ব্যুরো চীফ, খুলনা:

খুলনা মহানগরীতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর বিভিন্ন স্কুলে কেএমপির একাধিক টিম শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও অবহিতকরণ কর্মশালা আয়োজন করে।

টি অ্যান্ড টি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় নেতৃত্ব দেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ। এছাড়া দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয় ও রাইফেলস মাধ্যমিক বিদ্যালয়ে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, আর বয়রা ডাক বিভাগ মাধ্যমিক বিদ্যালয় ও হাজী ফয়েজ উদ্দিন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রসিকিউশন) শফিকুল ইসলামের নেতৃত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রতিটি ক্লাসে ‘রোড সেফটি’ বিষয়ক ভিডিও প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠানামা, ফুটপাত ব্যবহার এবং নিরাপদে চলাফেরার বিভিন্ন কৌশল শেখানো হয়।

এছাড়া কেএমপির টিম মানব পাচার থেকে সুরক্ষা, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল এবং মোবাইল ফোনে আসক্তি এড়িয়ে চলার গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

সচেতনতামূলক এ কর্মশালায় সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ