শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বতঃস্ফূর্ত ভোটে কারচুপি অসম্ভব: হেলাল

ব্যুরো চীফ, খুলনা

বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তবে প্রশাসন যদি সহযোগিতা না করে, তাহলেও সারাদেশের রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে ভোট দিলে কেউ কারচুপির নির্বাচন করতে পারবে না।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাটি মঠ চত্বরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— “সবার আগে বাংলাদেশ।” আমরাও বলতে চাই, “সবার আগে দিঘলিয়া।” ধানের শীষের বিজয়ে রাষ্ট্রক্ষমতায় এলে দিঘলিয়া-খুলনা ব্রিজের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে এবং খুলনার সব বন্ধ মিল ও কারখানা পুনরায় চালু করা হবে। বিএনপি কথামালার রাজনীতিতে নয়, বাস্তব কর্মসূচিতে বিশ্বাস করে। ক্ষমতায় এলে দেশের এক কোটি বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

হেলাল আরও বলেন, বিএনপির পরিকল্পনার মধ্যে প্রধান অগ্রাধিকার পাবে স্বাস্থ্য ও শিক্ষা খাত। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে। দিঘলিয়ার মানুষও যথাযথ স্বাস্থ্যসেবা পাবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে সব ছেলে-মেয়েকে শিক্ষার আওতায় আনা হবে এবং শিক্ষকদের ধাপে ধাপে জাতীয়করণ করা হবে।

তিনি বলেন, দিঘলিয়া, তেরখাদা ও রূপসায় কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

আজিজুল বারি হেলাল আরও বলেন, গত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি। এখন যেন আমরা নিজের ভোট নিজে দিতে পারি। এজন্য বিএনপি, জামায়াত ও অন্যান্য ইসলামী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্দিনে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, এখন গণতন্ত্র রক্ষার জন্যও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ধর্ম দিয়ে রাজনীতি ও ব্যবসা বন্ধ করতে হবে। ধর্ম রাজনীতির ঊর্ধ্বে— আমরা মুসলমান হিসেবে ধর্ম পালন করি, সেটি রাজনীতির পণ্য হতে পারে না। ধর্মের শিক্ষা ও অমীয় বাণীকে রাজনীতির সঙ্গে বিক্রি করলে তা জাতির জন্য লজ্জাজনক হবে।

তিনি বলেন, ২০১৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন কয়েকটি দল বিক্রি করার চেষ্টা করেছে, যা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।

হেলাল বলেন, যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায় তবে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের সভাপতি কুদরত-ই-এলাহী স্পিকার এবং পরিচালনা করেন সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রুনো মো. মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ