দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ।
বক্তারা জানান, ১৯৪৫ সালে বৃটিশ আমলে কোড়ামাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। প্রায় ৯০ বছর ধরে ইউনিয়নের মাঝামাঝি স্থানে থেকে এটি সেবা দিয়ে আসছে। কার্যালয়ের পাশে স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে এবং চারপাশের পাকা সড়কের কারণে যাতায়াতও সহজ। তবুও একটি মহল কার্যালয়টিকে ইউনিয়নের এক প্রান্তের বেশরগাতি এলাকায় স্থানান্তরের জন্য আবেদন করেছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে জীবন দেব, কিন্তু ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে দেব না।”
মোস্তাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে এখান থেকে মানুষ নির্বিঘ্নে সেবা পাচ্ছে। বেশরগাতি ইউনিয়নের এক প্রান্তে হওয়ায় সেখানে স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই।”
বীর মুক্তিযোদ্ধা মোহাব্বাত হোসেন বলেন, “শৈশব থেকে এখানে ইউনিয়ন পরিষদ দেখে আসছি। সবাই চায় এটি এখানেই থাকুক।”
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য একটি আবেদন পাওয়া গেছে। এর যৌক্তিকতা যাচাই-বাছাই করা হবে।








