শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশিমপুর গ্রামে গণঅভ্যুত্থানে নিহত শহীদ সিয়ামের কবরে ডিসি

দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও স্বজনদের সমবেদনা জানানোর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলার ৯ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাশবাড়িয়া কাশিমপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবরে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কবর জিয়ারত ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় পুলিশের ব্যান্ড দলের বিউগল সুরের মূর্ছনায় আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মোস্তাফিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

সকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের শহীদ নুরু ও শহীদ আলমগীর মোল্লার কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবীসহ প্রশাসনের কর্মকর্তারা।

চিতলমারী উপজেলার হিজলা গ্রামে শহীদ সাব্বির ইসলাম সাকিব ও চরচিংগড়ী গ্রামের মো. জসিম ফকিরের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে শহীদ মাহফুজ ও শহীদ শাহরিয়ার হাসান আলভির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

মোল্লাহাট উপজেলার শহীদ বিপ্লব শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। অন্যদিকে মোংলা উপজেলার শহীদ শাহিন হাওলাদারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত ছাড়াও নিহতদের স্বজনদের সমবেদনা জানান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা পরিবেশন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সিভিল সার্জন মো. মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই আমরা বৈষম্যহীন দেশ পেয়েছি, ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ। এই দিনে জুলাই আন্দোলনের অর্গানায়ক শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করছি। এ ছাড়া বাগেরহাটের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ৫ আগস্ট উপলক্ষে সমাবেশ, গণমিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ