দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর “গো গ্রীন, গো বিয়ন্ড: ৬৪ দিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ” কর্মসূচি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশে ঘোড়া দীঘির পাড়ে জামরুল গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় টোয়াস-এর জয়েন্ট সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি, সুন্দরবন স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান শেখ আবির ইমতিয়াজ, গ্রিন বাংলাদেশের রাকিবুল ইসলামসহ টোয়াব ও টোয়াসের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম ভ্রমণ ও পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫। এই মেলাকে সামনে রেখে টোয়াব ও টোয়াস সারাদেশে সবুজায়নের উদ্যোগ নিয়েছে। বৃক্ষরোপিত গাছগুলো আগামী দুই বছর গ্রিন মিশন বাংলাদেশ তত্ত্বাবধান করবে।
টোয়াবের পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. তাসলিম আমিন শোভন বলেন, “বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ নির্ভর করছে উন্নয়ন ও স্থায়িত্বের ভারসাম্যের উপর। ‘গো গ্রীন, গো বিয়ন্ড’ উদ্যোগের মাধ্যমে আমরা দায়িত্বশীল পর্যটনের একটি মানদণ্ড স্থাপন করছি।”
টোয়াব সভাপতি মোহাম্মদ রফিউজ্জামান বলেন, “পর্যটন ও স্থায়িত্ব একসাথে চলতে হবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রকৃতি সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ একটি শক্ত বার্তা দিচ্ছি।”
বিটিটিএফ ২০২৫-এ ২০টিরও বেশি দেশ, ২৫০টির বেশি প্রতিষ্ঠান, ২ হাজারের বেশি বাণিজ্যিক প্রতিনিধি এবং ৫০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশ নেবে বলে আয়োজকরা আশা করছেন।








