মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জনবল ও ঔষধ সংকটে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সেবা ব্যাহত

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক অধিপরামর্শ সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দর। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক বাবুল সরদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক খান সালেহ আহমেদ, সদস্য অসীমা ঘোষ, সিনিয়র স্টাফ নার্স করিমুন্নেছা খানম, মাকসুদা আক্তার, শিরিনা আকতার, এসিজি সমন্বয়কারী ইসরাফিল সরদার, সহ-সমন্বয়কারী রেহেনা পারভীন, সদস্য মো. সাহেদ হাসান, হাফিজা খাতুন প্রমুখ।

সভায় জানানো হয়, মেডিকেল অফিসারের ৩২টি পদের মধ্যে ২৪টি শূন্য। বিশেষজ্ঞ চিকিৎসকের ২৪ জনের মধ্যে আছেন মাত্র ১১ জন। অনুরূপভাবে ঔষধ সংকটও চরমে। আবার অপরদিকে রোগীর চাপ ধারণক্ষমতার ৪ গুণ বেশি। ফলে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের সেবার মান সার্বিকভাবে বৃদ্ধি পেলেও জনবল ও ঔষধ সংকটে কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। পরামর্শ সভায় চিকিৎসক সংকট দূরীকরণে পদক্ষেপ গ্রহণ, আউটডোর রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ সরবরাহ, অভিযোগ বাক্স কার্যকর করা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দর বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও সেবা প্রদান অব্যাহত আছে। দীর্ঘদিন যাবৎ চাহিদার তুলনায় ঔষধের সরবরাহ কমেছে। প্রতিদিন আশাতীত রোগী ও দর্শনার্থীর ভিড় সামলাতে হয়। তারপরও প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের অপারেশন চালু আছে। আমরা সকলেই পজিটিভ পরিবর্তন চাই। সকলের সহযোগিতায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ