দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:
উপকূলীয় দুর্যোগপ্রবণ বাগেরহাটে বজ্রপাত প্রতিরোধ ও ভূমিক্ষয় রোধে তালের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জুলাই আন্দোলন ’২৪ স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালের পাশাপাশি বনজ, ফলজ, ওষুধি, আম ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
সোমবার (১১ আগষ্ট) বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ড. মনির হোসেন ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাতসহ কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও কৃষি কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সমন্বয়ে ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ চলছে। গাছ মানুষের পরম বন্ধু—জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তিনি বাড়ির আঙিনা, বাগান, রাস্তার ধারে এবং নদীভাঙন রোধে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
সদর উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত জানান, কাড়াপাড়া, ষাটগম্বুজ, যাত্রাপুর, খানপুর, গোটাপাড়া, বেমরতা, বারুইপাড়া, রাখালগাছি, বিষ্ণুপুর ও ডেমা ইউনিয়নের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ভেড়িবাঁধ ও নদী-খালের পাড়ে তালের চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় পুষ্টি নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় এসব চারা বিতরণ করা হচ্ছে।








