,

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি ও সভা

দিব্যতনু দাস, বাগেরহাট

কার্যকর সু-শাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এ কথা বলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটের সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের সহকারী কমিশনার মো. মোত্তালেব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। মুখ্য আলোচক ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও ডিপিএফ সদস্য মো. কামরুজ্জামান, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক আ. সালাম শেখ, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যতগুলো আইন জনস্বার্থে পাস হয়েছে তার মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হলো, এই আইন বাস্তবায়নে বিগত সরকার তথ্য কমিশনকে কার্যকর করেনি। জুলাই অভ্যুত্থানের এক বছর পার হলেও নতুন করে কমিশন গঠনে উদ্যোগ নেওয়া হয়নি। অনতিবিলম্বে তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন জরুরি।

বক্তারা আরও বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হলেও এখনও তা গতানুগতিকভাবে চলছে। জনসচেতনতার অভাব রয়েছে। সরকারি দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দল ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে এই আইনের আওতায় আনা প্রয়োজন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অনেকেই জানেন না। এই আইনের সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরের তথ্যও যাতে সাধারণ মানুষ জানতে পারে তার ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সঠিক তথ্য জানতে হবে এবং তা কাজে লাগাতে হবে।

র‌্যালি ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, সনাক, ইয়েস, এসিজি ও ডিপিএফ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ