দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে নামানোর প্রস্তাবের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২০ আগস্ট) রাতে কচুয়া উপজেলার বাধাল বাজারে আয়োজিত এ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি বাধাল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের তিন রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী রামপালকে বাগেরহাট-২ আসনে এবং মোংলাকে বাগেরহাট-৪ আসনে যুক্ত করে আসন সংখ্যা তিনটিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বাগেরহাটকে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নামানো হয়েছে। এটি একটি স্পষ্ট ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি তার প্রস্তাব থেকে সরে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
উল্লেখ্য, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটিতে নামানোর প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে একের পর এক কর্মসূচি দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান, এমনকি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
আসন কমানো বা বহাল রাখার বিষয়ে আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








