দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটে মানবকল্যাণে সেবাধর্মী সংস্থা ‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘের’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি।
‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘের’ সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হক, বাগেরহাট বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বাগেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির হোসেন, বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইস্কান্দার হোসেন, বিশিষ্ট আইনজীবী নজরুল ইসলাম কাজল, অ্যাডভোকেট নুর মোহাম্মদ এবং ‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘের’ উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন।
এছাড়া আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী আকবর টুটুল, সহসভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট মানজুরুল ইসলাম, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অ্যাডভোকেট ইমরান হোসেন, কোষাধ্যক্ষ এসএম নাঈমুল ইসলাম, সদস্য শাহিদা আক্তার, শহিদুল ইসলাম, সাবেক সেনা সদস্য মাহফুজুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা প্রমুখ।
অরাজনৈতিক সেবাধর্মী সংস্থা ‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘের’ মানবিক কর্মকাণ্ডে সকল বক্তা সন্তোষ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, এই সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়; মানবসেবাই এ সংগঠনের মূল লক্ষ্য। ছিন্নমূল, গরিব, দুঃখী, অসহায়, স্বামী পরিত্যক্তা, অনাথ ও পিছিয়ে পড়া মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করা। অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে এই সংগঠন দৃঢ়প্রতিজ্ঞ।
বক্তারা আরও বলেন, একটি নির্বাহী কমিটির এমনভাবে কাজ করা উচিত যেন সংগঠনের প্রতিটি সদস্য মনে করে, এই সংগঠনটি তার নিজের। তাই সংগঠনের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সকলের জন্য কাজ করা সহজ হবে। বাগেরহাট পৌরসভার জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘের’ নেতৃবৃন্দ দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দেন।
‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘের’ সাধারণ সম্পাদক মো. আজম আলী মোল্লা বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের স্বপ্ন একটি বৃদ্ধাশ্রম করা। যেখানে বৃদ্ধাশ্রম করা হবে, সেখানের একটি জমি নিয়ে বিরোধ ছিল; সেটি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে অর্ধকোটি টাকা বৃদ্ধাশ্রমে ব্যয় করব। এছাড়া বাগেরহাট পৌরসভার জনভোগান্তি লাঘবে অতি প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় ‘একতা আন্তঃকল্যাণ সেবা সংঘ’ এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।








