দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা পরিবেশন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সিভিল সার্জন মোঃ মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই আমরা বৈষম্যহীন দেশ পেয়েছি। ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ। আজকের এই দিনে জুলাই আন্দোলনের অর্গনায়ক শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করি। এছাড়া বাগেরহাটের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








