দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নিয়াম মিনা ভট্রখামার গ্রামের সামাদ মিনার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে কৃষক নিয়াম মিনা মাঠ থেকে বাড়িতে গরু আনতে যাচ্ছিলেন। তখন ভট্রখামার ১৮ নম্বর রেল ব্রিজ পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
মোংলা রেল পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হোসাইন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে, মোংলায় একটি খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা পৌর শহরের মনপুরা ব্রিজসংলগ্ন খালে গ্রামবাসী মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকালে মরদেহটি খালের পাড়ের একটি গাছের সঙ্গে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি খালের পানিতে অন্য কোথাও থেকে এখানে ভেসে এসেছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৪–৫ দিনের, তাই পচে উঠেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ‚মিষ্ঠ হওয়ার পর শিশুটিকে খালে ফেলে দিয়েছে কোনো অসৎ পরিবার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








