দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটে বারান্দার দ্বিতীয় তলার ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে শাকিব হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার দুপুরে বারুইপাড়ার কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তিনি ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কাফুরপুরা গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, কলেজে ক্লাস ছুটির ফাঁকে দ্বিতীয় তলায় গার্ড ওয়ালে হেলান দিয়ে শাকিব হাওলাদার অন্যান্য বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তখন হঠাৎ দেয়াল ভেঙে তিনি নিচে পড়ে যান। এসময় দেয়ালের একটি অংশ ভেঙে তার শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় শিক্ষক ও সহপাঠীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ শুকুর আলী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, শাকিব হাওলাদার এইচএসসি দ্বিতীয় বর্ষের নিয়মিত ছাত্র ছিল। এদিনও সে ক্লাস করছিল। ক্লাস ছুটির মধ্যে দোতলার গার্ড ওয়ালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। আকস্মিকভাবে নিচে পড়ে যায়। তখন দেয়ালের একটি অংশ ভেঙে তার গায়ে পড়লে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তাঁর ভাষায়, “এই দুর্ঘটনা এক অব্যক্ত বেদনা।”
শাকিব হাওলাদারের মা শাহীনুর বেগম জানান, তার স্বামী প্রায় ১৪ বছর আগে দুই ছেলেকে রেখে ক্যান্সারে মারা যান। দুই ভাইয়ের মধ্যে শাকিব ছোট, আর বড় ভাই সেনাবাহিনীতে চাকরিরত। দরিদ্র পরিবারে তিনি অতি কষ্টে সন্তানদের লেখাপড়া করাতেন। শাকিবের এমন অপমৃত্যু তিনি কিছুতেই মানতে পারছেন না। তবে তিনি থানায় অভিযোগ করতে চান না।








