দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকারী যুব উদ্যোক্তাদের নিয়ে “গ্রীন ইনোভেশন ফেয়ার” অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর ও রামপাল উপজেলা থেকে সবুজ উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে উপস্থিত হয়ে নিজ নিজ পণ্যের গুণাগুণ দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। বাগেরহাটে সবুজ উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী এই মেলা ছিল পরিচিতির অনন্য সুযোগ।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে এবং অ্যাকশনএইডের প্রতিনিধি নাহিদা ইসলাম তৃষার সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মনির হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র অফিসার মাহিনুর রহমান এবং ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার।

মেলায় পরিবেশবান্ধব পণ্য তৈরির ১০টি প্রতিষ্ঠান তাদের স্টলে সৌরবিদ্যুৎ ব্যবহার করে ডিম থেকে বাচ্চা ফুটানো ইনকিউবেটর, নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পাখির বাসা, কচুরিপানা দিয়ে তৈরি ব্যাগ, শোপিস, সুপারি খোল দিয়ে তৈরি আসবাবপত্রসহ ৫০টির বেশি অর্গানিক পণ্য প্রদর্শন করে। মেলায় ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা ও বাঁধনের বিভিন্ন গ্রুপের ২০০-র বেশি যুবক ছাড়াও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন বলেন, “গ্রীন ইনোভেশন ফেয়ার কেবল একটি প্রদর্শনী নয়, এটি একটি সামাজিক আন্দোলন। যা তরুণদের নেতৃত্বে টেকসই উন্নয়ন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উপকূলীয় অর্থনীতি প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”








