দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটে নানা আয়োজনে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই শহরের দশানি ট্রাফিক মোড় এলাকায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে সদর থানা মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীত বাজিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, সৈয়দ জুয়েল, মো. কামরুজ্জামান, শাহীদা আক্তার ও নার্গিস আক্তার লুনা প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম. এ. সালাম বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে নির্যাতন-অত্যাচারের কারণে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। এবার নেতাকর্মীরা আনন্দ-উদ্দীপনার মধ্যে দিনটি উদযাপন করছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব।”
প্রধান অতিথি শামিমুর রহমান শামীম বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, আহতরা মৃত্যুর সঙ্গে লড়ছেন। আজকের আনন্দঘন দিনে আমরা নিহতদের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়াসহ অসুস্থ নেতাদের সুস্থতা কামনা করছি।”
আলোচনা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দীর্ঘদিন পর উন্মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।









