দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে মাহফুজ শেখ (৩২) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উদয়পুর আড়িয়াকান্দি এলাকার নিজস্ব মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। কৃষক মাহফুজ শেখ ওই এলাকার আলী মিয়া শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নিজ ঘেরে কাজ করতে যান মাহফুজ। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা ঘেরে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।
পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে পাশ্ববর্তী ঘের মালিকের ছেলেদের সঙ্গে মাহফুজের বিরোধ হয়েছিল। এ ঘটনায় তাকে মারধরও করা হয়। এরপর থেকে তাদের ঘেরে যাতায়াত বন্ধ হয়ে যায়। ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে মাহফুজকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও চামড়া ছেঁড়া দাগ রয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি ফজলুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”








