দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় সেখ ফরহাদ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মরদেহটি উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘের থেকে উদ্ধার করা হয়। নিহত সেখ ফরহাদ হোসেন উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মৃত আমির আলী শেখের পুত্র।
বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে লালচন্দ্রপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘেরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের পাশে থাকা একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মোটর উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”








