রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর (২৬) নামের এক রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার মো. ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওইদিনই তাদের বিরুদ্ধে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয় এবং আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়লে অন্যান্য আসামিরা পুলিশকে জানায়। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত মোজাফফরের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, “সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের আনা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করার পর দেখা যায় তার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “রিমান্ডের আসামি মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ