দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ার ধোপাখালী ইউনিয়নে ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে মেসার্স রুমি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাষাবাজারে সারের ডিলার মেসার্স রুমি এন্টারপ্রাইজকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা। সরকারি নিয়ম ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অধিদপ্তর জানায়, ইউরিয়া সারের বস্তায় হুক মারলে ভেতরের সার অপচয় হয় এবং কৃষকের ক্ষতি হয়। এজন্য এ ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ।
বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, “সরকারি সারের বস্তায় স্পষ্ট লেখা থাকে ‘হুক লাগাবেন না’, কিন্তু তারপরও হুক লাগিয়ে বস্তা নামানো হয়। এতে সারের গুণগত মান নষ্ট হয় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হন। সরেজমিনে প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”








