বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে ৩ দফা দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটে ৩ দফা দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। মহাসড়কে চলমান বিআরটিসির অবৈধ যাত্রীবাহী বাস ও নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেন পরিবহন ব্যবসায়ীরা। এর আগে তারা সংবাদ সম্মেলন করেন। এ সময় খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারি অনুমোদন ব্যতীত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, রাস্তার লোকাল যাত্রী পরিবহন বন্ধের ব্যবস্থা গ্রহণ, অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নসিমন, করিমন, অটোরিকশা সড়ক-মহাসড়কে চলাচল বন্ধ করা এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা ও জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ করতে হবে।

রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়ক-মহাসড়কে বিআরটিসি অনুমোদনহীন অবৈধ যাত্রীবাহী বাস চলছে। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও মহাসড়কে নসিমন-করিমন চলছে। এটা বন্ধের জন্য বহুবার জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। এটি তাদের সর্বশেষ হুশিয়ারি। আগামী ১ ডিসেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে ২ ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফকির, বাগেরহাট রূপসা আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোলা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অশোক কুমার দাশ, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে ১০টি মালিক সমিতির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ