বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলার পশুর নদীতে বোটডুবির তিন দিন পর উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী ও সাবেক পাইলট রিয়ানা আবজালের মরদেহ। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে জয়মনিরঘোল সরকারি খাদ্যগুদামের জেটি এলাকার পশুর নদী থেকে মরদেহটি উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার (৮ নভেম্বর) সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে ১৪ পর্যটক একটি জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে বোটটি ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি বলেন, স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও একজন নিখোঁজ ছিলেন—তিনি ছিলেন সাবেক পাইলট রিয়ানা আবজাল। পরে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে টানা তিন দিন ধরে অনুসন্ধান চালায়।
সোমবার সকালে সাইলো জেটি এলাকার কাছে নদীতে ভাসমান অবস্থায় রিয়ানার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে তা চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, রিয়ানা আবজাল যুক্তরাষ্ট্রপ্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।








