দিব্যতনু দাস, বাগেরহাট
সুন্দরবন থেকে দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য ও অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে (৩২) আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সুন্দরবনের নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটক আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন।
আরও পড়ুন:
কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লে. মারুফ আহমেদ সৌখিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে। ওই এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এর দু’দিন আগে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু ‘রাঙ্গা বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গুলিসহ আটক করে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।








