চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর এলাকায় অবস্থিত পুলিশের একটি ব্যারাক থেকে শামীম রেজা সাজু (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। মাত্র ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্যারাকের নতুন ভবনের দ্বিতীয় তলায় একা একটি কক্ষে থাকতেন। সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র ও সহকর্মীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দায়িত্ব পালন না করায় সহকর্মীরা তাকে খুঁজতে যান। কক্ষের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা জেলার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।








