যশোর প্রতিনিধি
যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় আবু বক্করকে থামিয়ে তল্লাশি করা হয়। তার প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৮৭ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার একদল চোরাকারবারির কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন। পরিকল্পনা ছিল, এগুলো বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচার করা হবে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, “আটককৃত স্বর্ণসহ আবু বক্করকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”








