ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে এডাব-এর আয়োজনে ৩ দিনব্যাপী “আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এইড ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ চলবে ২১ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূর নবী।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালনা করবেন এডাব-এর যোগাযোগ কর্মকর্তা ও এডাব রিসোর্স পুলের সদস্য পলাশ সাহা। স্বাগত বক্তব্য রাখেন এডাব ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব ও প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ এনামুল কবীর বাবুল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহের অবদান প্রশংসনীয়। বর্তমানে তথ্য একটি শক্তি, আর প্রশিক্ষণের মাধ্যমে এই তথ্যের আদান-প্রদান কার্যকরভাবে সম্পন্ন হয়। তাই আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ে এ প্রশিক্ষণ আয়োজন সময়োপযোগী।”
তিনি আরও বলেন, এনজিওগুলোর মধ্যে সমন্বয় সাধন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে এডাব-এর এ উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ও এসডাব-এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান। সমন্বয়ের দায়িত্বে ছিলেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম।
খুলনা বিভাগের যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার এডাবের সদস্যভুক্ত ২৬টি এনজিওর প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।








