শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে তরুণীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘বেঁচে থাকার অধিকার নেই’

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া ওয়াপদা এলাকায় শামীমা নাসরিন (২০) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তার লাশ পাওয়া যায়। লাশের পাশে উদ্ধার করা হয় একটি চিরকুট, যেখানে লেখা ছিল—

“এই পৃথিবীতে আমার কেউ নেই। যে ছিল, সে চলে গেছে। আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। আমার ইচ্ছের কোনো দাম নেই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ইচ্ছা করেই আমার এই জীবন শেষ করে দিলাম।”

পারিবারিক সূত্রে জানা যায়, শামীমা নাসরিনের বাবা-মার খোঁজ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ আড়াই বছর বয়সে তাকে বাড়িতে নিয়ে আসেন রাজিয়া খাতুন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা পদে চাকরি করছেন। শামীমাকে এইচএসসি পাস করিয়ে নার্সিংয়ে ভর্তি করান তিনি। তিনতলা বাড়ির নিচতলায় একা থাকতেন শামীমা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফাঁকা ঘরে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন তিনি।

রাজিয়া খাতুন জানান, শামীমাকে ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। তবে তার বাবা-মা আর কোনোদিন খোঁজ নেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শামীমার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ