ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নেশাগ্রস্ত এক ব্যক্তির রামদা হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলার ১০নং হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর এবং তার ছেলে ইজাজুল (ভাজা মুড়ি বিক্রেতা)। তারা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯নং পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে নেশাখোর শিমুল ওইদিন সন্ধ্যায় ভ্যানচালক জাহাঙ্গীরের কাছে ভাড়ায় যাওয়ার অনুরোধ করে। জাহাঙ্গীর জানান, নামাজের সময় হয়েছে, তিনি ভাড়ায় যেতে পারবেন না। এতে ক্ষিপ্ত হয়ে শিমুল জাহাঙ্গীরকে মারধর শুরু করে।
পাশেই ভাজা মুড়ি বিক্রি করছিলেন জাহাঙ্গীরের ছেলে ইজাজুল। তিনি এগিয়ে এসে বাবাকে মারধর করতে নিষেধ করলে আরও উত্তেজিত হয়ে ওঠে শিমুল। পরে সে দৌড়ে গিয়ে বাজারের পাশে রাখা রামদা নিয়ে এসে জাহাঙ্গীর ও ইজাজুলের ওপর একের পর এক কোপ দেয়। এতে দুজনই গুরুতর জখম হন।
বাজারের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারী শিমুলকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।








