বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুকুরের পানিতে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং কাওসার শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তাসলিমা ও কাওসার গোসলের উদ্দেশ্যে দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মা বেবী বেগম অভিযোগ করেন, “আমার দুই সন্তান পানিতে ডুবে মারা যায়নি, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ে সাঁতার জানত। আমার স্বামী ও তার ভাইয়েরা ৮-৯ মাস আগে আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে।”

তবে নিহতদের বাবা আজিবার শেখ বলেন, “আমার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানত না। তারা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।”

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ