এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামের কৃতি সন্তান ও দৈনিক ইত্তেফাকের নান্দাইল উপজেলা প্রতিনিধি শাহ আলম ভূঁইয়া (৪৮) আর নেই। গত ৭ নভেম্বর ভোর ৫টায় তিনি ময়মনসিংহ কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার (৭ নভেম্বর) আসরের নামাজের পর দক্ষিণ দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রামে হলেও তিনি বসবাস করতেন নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের কাকচর মহল্লায়।
জানাজায় শুরুতে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর পিতা মোহাম্মদ সাহেদ আলী ভূঁইয়া, ইত্তেফাকের জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নান্দাইল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, এডভোকেট হাবিবুর রহমান ফকির, অধ্যাপক আবু তাহের সাগর, ঈশ্বরগঞ্জ উপজেলা ইত্তেফাক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, সমাজসেবক জাকির হোসেন ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা রবিউল নেওয়াজ ফরিদসহ অনেকে।
সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার অকাল মৃত্যুতে নান্দাইলের সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








