এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. আজিজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সাবেক বিদ্যুৎশাহী সদস্য রফিকুল ইসলামসহ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালে রাজনৈতিক প্রভাবে নিয়মবহির্ভূতভাবে অধ্যক্ষ পদে যোগ দেন আ. আজিজ। এরপর থেকে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তিনি।
লিখিত অভিযোগে যে অনিয়মগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
- ২০১০ সাল থেকে মাদ্রাসায় কোনো বৈধ পরিচালনা কমিটি না থাকা এবং মামলা দিয়ে কমিটি গঠন ব্যাহত করা।
- করোনা সময়ে শ্রেণিকক্ষের টিনের ঘর বিক্রি করে অর্থ আত্মসাৎ।
- নিয়মিতভাবে টিউশন ফি উত্তোলন করে আত্মসাৎ।
- সরকারি বরাদ্দ ৫৬,৫০০ টাকা উন্নয়ন কাজে ব্যয় না করে আত্মসাৎ।
- ২০২১ সালে ২ লাখ ৩০ হাজার টাকা এবং ২০২৫ সালে কোরবানির ঈদের আগে ১ লাখ ৮৩ হাজার টাকা টিউশন ফি আত্মসাৎ।
- জমি রেজিস্ট্রেশন ও সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম।
- চাকরির যোগ্যতা সনদ, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতি থাকা সত্ত্বেও অধ্যক্ষ পদে বহাল থাকা।
- উপস্থিত না হয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করা।
অভিযোগকারীরা আরও জানান, বর্তমানে অধ্যক্ষ আ. আজিজ তার আত্মীয়স্বজন ও পছন্দের লোকদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করে অতীতের সব অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।









