এ. টি. এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নান্দাইলের চণ্ডীপাশা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাজারো শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
ইত্তেফাকুল উলামা ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, “৯২% মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ সম্পূর্ণ অযৌক্তিক। এটি ধর্মীয় চেতনার ওপর আঘাতের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোর দাবি জানাই।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত এই বিষয়ে সমাধান না করে, তবে সারা দেশে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিকে সফল করতে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় ধর্মীয় জনগণ ব্যাপকভাবে সহযোগিতা করেন। শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়।








