এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ জমিতে কাজ করার সময় ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিন (৩৫) বজ্রপাতে মারা যান।
প্রতিদিনের মতো আজও তিনি নিজের ফসলের জমিতে কাজ করছিলেন। দুপুরে হালকা বৃষ্টি শুরু হলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং বজ্রপাত হলে জমিতে লুটিয়ে পড়েন জামাল উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত জামাল উদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।








