সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে মাদ্রাসা অধ্যক্ষের অনিয়মের অভিযোগে অফিসে তালা

এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসী। নান্দাইল উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসাটিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩৪ জন হলেও শিক্ষার্থী মাত্র ৩০০ জন। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মাদ্রাসাটি জৌলুস হারাচ্ছে। সম্প্রতি চতুর্থবারের মতো কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে তিনবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বহু প্রার্থীর কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ সম্পন্ন না করেই বাতিল করা হয়।

এবারও নিয়োগ পরীক্ষার তারিখ ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হলে পূর্বে আবেদনকারীরা বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ সঠিক উত্তর না দিয়ে আবেদন বাতিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে অফিস সহকারী পদে আবেদনকারী মনিরুজ্জামান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) লুৎফুন নাহারের কাছে অভিযোগ করেন যে, অধ্যক্ষ তার কাছ থেকে ৯ লাখ টাকা নিয়েছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কোনো আলোচনা না করেই নিয়োগ কার্যক্রম চালানোর প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ করেন কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয়রা। তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। কমিটির সদস্য হারুন অর রশিদ বলেন, “অধ্যক্ষের বিরুদ্ধে বারবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হলেও তিনি পার পেয়ে যাচ্ছেন। এবারও বড় ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে আমরা তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।”

মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল মতিন জানান, বুধবার দুপুর ১২টার দিকে পাঠদান চলাকালীন সময়ে কমিটির সদস্য ও স্থানীয়রা অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন। বৃহস্পতিবারও শিক্ষার্থীদের বের করে দিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়।

অভিযুক্ত অধ্যক্ষ সামছুল হক ফকির বলেন, “নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। অথচ তারা ক্ষিপ্ত হয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।”

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার বৃহস্পতিবার রাতেই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন বলে অধ্যক্ষ সামছুল হক ফকির জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ